ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

প্রকাশঃ

পরিবারের ৭ সদস্যকে হারিয়ে বাকরূদ্ধ প্রবাসী বাহার

নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে লক্ষ্মীপুর সীমান্তবর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়।

অল্প বয়সী অনভিজ্ঞ চালক ঘুমাচ্ছিলেন বলে এমন দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী মো. বাহার উদ্দিন।

এ ঘটনায় নিহতের স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে আনন্দের বদলে বইছে শোক। দুর্ঘটনার পর মৃতদেহগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়৷ সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের।

প্রবাসী বাহারের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আড়াই বছর পর ওমান থেকে বাড়ি ফিরছিলেন মো. বাহার। তাকে রিসিভ করতে মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের বাড়ি থেকে পরিবারের শিশুসহ ১১ জন সদস্য যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার ভোরে প্রবাসী বাহারকে নিয়ে পরিবারের সদস্যরা আনন্দে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর সীমান্তবর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রহমতখালী খালে পড়ে যায়। এসময় ডুবে তিন শিশুসহ সাতজন নিহত হয়৷

নিহতরা হলেন- প্রবাসী বাহারের মা মুরশিদা (৫০), স্ত্রী কবিতা (২৩), মেয়ে মীম (২), নানী ফয়জুননেছা (৮০), ভাইয়ের স্ত্রী লাবনী (২৫), ভাতিজি লামিয়া (৮) ও রেশমী (৯)।

বেঁচে ফেরা যাত্রীরা হলেন- প্রবাসী বাহার ও তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইসকান্দর মির্জা, তার শ্যালক রিয়াজ ও ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক।

ওমান প্রবাসী বাহার বলেন, কিভাবে নিজেকে শান্তনা দিব? আনন্দ নিয়ে বাড়ি ফিরছিলাম কিন্তু পথেই সাতজনের প্রাণ দিতে হয়েছে। কিভাবে এ শোক সইবো?

তিনি বলেন, দুই ভাইয়ের দুই শিশু মেয়ে মারা গেছে, এক ভাইয়ের স্ত্রী মারা গেছে। ভাইয়েরা বিদেশে, তাদেরকে কি জবাব দেব? নিজের স্ত্রী-সন্তানেরও প্রাণ গেল। মা মারা গেল। কি নিয়ে বাঁচব?

দুর্ঘটনার জন্য গাড়ি চালককে দোষারোপ করে বাহার বলেন, অল্প বয়সী গাড়ি চালক। তাকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হয়। অনভিজ্ঞ মনে হয়েছে। এ জন্য বাবাকে বকাবকি করেছি। গাড়ি চালককে বার বার সতর্ক করে গাড়ি চালাতে বলেছি। কিন্তু শোনেনি। বলছে- কিছু হবে না। চালক বাব বার ঘুমোচ্ছিলেন। পথে কয়েকবার তাকে নামিয়ে রেষ্ট নিতে বলি।

বলেন, গাড়িটি নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।। দরজা-জানালা বন্ধ ছিল। তাই প্রথমে গাড়ি নৌকার মতো ভাসছিল। আমি চালককে চিৎকার দিয়ে বলছি, সবগুলো দরজা খুলে দিতে। তাহলে সবাই বের হয়ে যেতে পারতো। কিন্তু সে দরজা না খুলে শুধু সামনের জানালা খুলে নিজে পালিয়ে যায়।

জানালা খোলার কারণে গাড়িতে পানি ঢুকে প্রথমে সামনের অংশ ডুবে যায়, আস্তে আস্তে পুরো গাড়ি ডুবে খালের তলদেশে চলে যায়। ছোট্ট একটা জানালা খুলে আমি বের হই। আমার মাকে বের করার চেষ্টা করি, কিন্তু সে আবার আমার নানীকে ধরে রাখে। আমার স্ত্রীকে বের করতে গেছে, সে শিশু বাচ্চাদের ধরে রাখে। এভাবে গাড়িটি তলিয়ে যায়। খালের পানিতে অনেক স্রোত ছিল। তাদেরকে বাঁচাতে পারিনি। চালকের অবহেলাতে আমার পুরো পরিবার শেষ হয়ে গেল।

বাহারের শ্বশুর ইসকান্দর মির্জা বলেন, আমি চালকের পাশের আসনে বসে ছিলাম। চালক ঘুমে ঝিমঝিম করতো। তাকে বলেছি, আমরা পরে যাব তুমি ঘুমিয়ে নাও। তার খুব তাড়া ছিল। আমাদের কথা শোনেনি। পথে তিন জায়গায় গাড়ি থামিয়ে তাকে রেষ্ট নিতে বলি। সর্বশেষ ফেনীতে এসে তাকে বলেছি ১-২ ঘণ্টা ঘুমিয়ে নিতে। কিছুক্ষণ গাড়ি থামিয়ে সে বসে ছিল। তার তাড়া থাকায় আমাদের কথা না শুনে গাড়ি চালানো শুরু করে। পথে আমি তার সাথে কথা বলে তাকে সতেজ রাখার চেষ্টা করি। গাড়িটি যখন খালে পড়ে যাওয়ার উপক্রম, তাকে বার বার ব্রেক করতে বলি। কিন্তু সে ঘুম-ঘুম চোখে থাকায় গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেনি।

চালকের ত্রুটি রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে বিআরটিএ। দুপুরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তারা।

অন্যদিকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। তবে তাকে আটকে তৎপর রয়েছে বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে চালকের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

এমআর/লক্ষ্মীপুর

সর্বশেষ খবর

সৌদিতে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

0
  সৌদি আরবে কাজ করার সময় ভবনের ৩য় তলার ছাদ থেকে পড়ে মো. ইউছুপ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার (৫ অক্টোবর) এ...

জনপ্রিয় খবর