যুক্তরাষ্ট্রে পানিতে ‘মগজখেকো’ জীবাণু, ৮ শহরে সতর্কতা

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পানিতে ‘মগজখেকো’ অ্যামিবা নামক জীবাণুর অস্তিত্ব পেয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সে কারণে ওই অঙ্গরাজ্যের ৮টি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর সিএনএন।

জানা গেছে, এককোষী মুক্তজীবী এ জীবাণু মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। টেক্সাসের লেক জনসন, ফ্রিপোর্ট, অ্যাংলেটন, ব্রাজোরিয়া, রিচউড, ওয়েস্টার ক্রেক, ক্লুট এবং রোজেনবার্গের সরকারের সরবরাহকৃত পানি পান না করার জন্য সতর্ক করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সরবরাহকৃত ওই পানিতে ‘মগজখেকো’ অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা পানি পরীক্ষা করে এতে ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ধরনের অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে।

এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভয়াবহ এই সংকট সমাধানে গভর্নরের কার্যালয় থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্রেজোস্পোর্ট ওয়াটার অথরিটির সঙ্গে কাজ করছে টেক্সাস কমিশন অন ইনভাইরনমেন্টাল কোয়ালিটি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এ ধরনের ‘মগজখেকো’ অ্যামিবা সাধারণত মাটি, উষ্ণ পানির লেক, নদী এবং উষ্ণ ঝরনার পানিতে পাওয়া যায়। সুইমিংপুলে অপরিষ্কার এবং জীবানুমুক্ত না করা পানি ও শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন জায়গাতেও এ ধরনের অ্যামিবার দেখা মিলতে পারে।

গত ৮ সেপ্টেম্বর প্রথম ৬ বছর বয়সী এক শিশুর দেহে এই ‘মগজখেকো’ অ্যামিবার অস্তিত্ব পাওয়া যায়। শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এ বিষয়ে শহরের লোকজনকে সতর্ক করা হয়।

কর্তৃপক্ষ গত ২৫ সেপ্টেম্বর ১১টি জায়গা থেকে পানি সংগ্রহ করে নমুনা পরীক্ষা করেছে। সেখানে নেগলেরিয়া ফাওলেরির উপস্থিতি পাওয়া গেছে।

প্রবাস সময়/এমআর

সর্বশেষ খবর

ঘুমাচ্ছিলেন চালক: মাইক্রোবাস খালে, প্রাণ গেল ৭ জনের

0
নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এমন মর্মান্তিক দূর্ঘটনা...

জনপ্রিয় খবর