করোনাভাইরাসের কারনে অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ রয়েছে। এ কারনে করোনা ছাড়াও অন্যান্য রোগীদের চিকিৎসার জন্য নড়াইলে ভ্রাম্যমান হাসপাতাল গড়ে তুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা।
তার প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র মাধ্যমে মাশরাফি গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ হাসপাতাল। যা আগামীকাল ৫ এপ্রিল থেকে কর্মকাণ্ড শুরু করবে। এ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন চিকিৎসক দম্পতি দীপ বিশ্বাস ও স্বপ্না রাণী সরকার।
ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় নড়াইলবাসির প্রতি মাশরাফি বলেন, ‘আশাকরি সবাই ভালো আছেন, ঘরে আছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী ৫ই মার্চ থেকে (৫ এপ্রিল হবে) ভ্রাম্যমাণ চিকিৎসাব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি, খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরী। কারণ করোনা আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসাটা পান সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
এ উদ্যোগে যে ঝুঁকি রয়েছে তা মনে রেখেই সকলের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা নেবেন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সহযোগিতা করবে। আশা করি প্রিয় নড়াইলবাসী উপকৃত হবে।’
এ উদ্যোগে যুক্ত হওয়া চিকিৎসক দম্পতি দীপ বিশ্বাস-স্বপ্না রাণী সরকাকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ। নড়াইলের সন্তান আপনারা, নড়াইলকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। আশা করি নড়াইলের অন্য চিকিৎসকরাও এগিয়ে আসবেন।’
মাশরাফি সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এমুহূর্তে সবচেয়ে বেশি জরুরী ঘরে থাকা। আশা করছি আপনারা ঘরে থাকবেন, ধৈর্য ধারণ করবেন এবং এই সমস্যা আমরা খুব তাড়াতাড়ি উতরে যাব বলে আশা প্রকাশ করছি।’
প্রবাস সময় ডেস্ক ” ”> ” ”>






